
মতলব দক্ষিণ প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্য কলাদী এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাফিউর রহমান ওরফে ফয়সাল ওরফে পল্টি রুবেল (৩৩) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (১৪ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার একটি বিশেষ আভিযানিক দল যৌথ বাহিনীর সহায়তায় মধ্য কলাদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। রুবেলের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মামলা নং-১০, তারিখ ১১/০৮/২০২১, জিআর-১১৯/২১ (ফেনী), ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) অনুসারে আদালত কর্তৃক ১ বছর ৫ মাসের কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) ঘোষণা করা হয়েছিল।
রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেছে, উক্ত মামলাসহ একাধিক মামলায় সে সাজাপ্রাপ্ত এবং বর্তমানে তার বিরুদ্ধে প্রায় ২০টি মামলা বিচারাধীন রয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালে আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




