বরিশালের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাঁদপুরে মামলা : তদন্তে পিবিআই

স্টাফ রিপোর্টার : চাঁদপুর কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় দায়ের হওয়া একটি মামলার তদন্তভার পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর ইউনিটকে প্রদান করা হয়েছে। মামলা নাম্বার ১৮২/২০২৫।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) আদালতের নির্দেশে এ দায়িত্ব দেওয়া হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, বরিশালের পারভীন আক্তার ইতি (২৭) গত ৯ আগস্ট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনায় তার দূরসম্পর্কের মামাতো ভাই মো. সামাদ গাজী (৪২)সহ চারজনের বিরুদ্ধে চাঁদপুর নারী ও শিশু আদালতে মামলা দায়ের করেন।

মামলার অন্য তিন আসামী হলেন ফিরোজ গাজী(৩০), রাশেদ খান(৩২) ও ঝর্না বেগম(৪৫)। সবার বাড়ি চাঁদপুর সদর বিষ্ণুপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের মনোহরখাদী গ্রামে। বাদীর অভিযোগ, তালাকের পর আসামি বারবার যোগাযোগ করে বিবাহের প্রস্তাব দেন এবং প্রবাস থেকে দেশে ফিরে তাকে বাড়িতে ডেকে নেয়। সেখানে ১নং আসামি অন্যান্য আসামির ইন্ধনে শ্লীলতাহানি এবং ধর্ষনের চেষ্টা করে ও কাপড় ছিঁড়ে ফেলে।

এ সময় ২নং আসামি বাদীর সঙ্গে থাকা ১নং সাক্ষী রিমা বেগমের শ্লীলতাহানি করে এবং প্রায় ১লক্ষ ৫৩ হাজার টাকার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে বাদী আদালতের দ্বারস্থ হন। মামলার জটিলতা বিবেচনা করে আদালত পিবিআইকে তদন্তভার দেয়। ভুক্তভোগীর মামা আনিছ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের জন্য চেষ্টা করছি।

পিবিআইয়ের তদন্তে সত্য বেরিয়ে আসবে বলে আশা করি।” স্থানীয় সচেতন মহল মনে করছে, নারী ও শিশু নির্যাতনের মতো সংবেদনশীল মামলায় পিবিআইয়ের তদন্ত স্বচ্ছ ও কার্যকর হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

সম্পর্কিত খবর