
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার সকল ইটভাটা মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১২ আগস্ট) মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ সভা হয়।
সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আপনারা যারা অবৈধভাবে ইটভাটা চালিয়ে যাচ্ছেন, আগামী এক মাসের মধ্যে পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিন। অন্যথায় পানি ঢেলে নিভিয়ে না দিয়ে সরাসরি বন্ধ করে দেয়া হবে।
তিনি আরও বলেন, আমরা যেসব ইটভাটায় উচ্ছেদ অভিযান করেছি, সেগুলো আইন অনুযায়ী করেছি। এখনো সময় আছে যারা পাওয়ার যোগ্য তারা আবেদন করলে আমি এক মাসের মধ্যেই পরিবেশ ছাড়পত্র দিয়ে দেব।
সভা সঞ্চালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস নাজমুন্নাহার, মতলব দক্ষিণ (সার্কেল) এসপি খায়রুল, বিবিএম ব্রিফ ফিল্ডের মালিক মিজানুর রহমান খানসহ জেলার অন্যান্য ইটভাটা মালিকরা।




