
মহসিন হোসাইন : চাঁদপুরে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। সভায় চাঁদপুর জেলা প্রশাসক বলেন, এবারের এসএসসি ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা সংখ্যাগত সাফল্যও পাইনি, মানগত সাফল্যও অর্জন করতে পারিনি। স্কুলগুলোর অনেক ক্ষেত্রে পেশাদারিত্বের অভাব রয়েছে।
অনেকেই শিক্ষা উন্নয়নের বদলে কেবল নিজের প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র পাওয়ার দিকে বেশি মনোযোগী। তিনি আরও বলেন, শিক্ষকদের পেশাদারিত্বে ঘাটতি রয়েছে। অনেক শিক্ষক রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা নিতে চান। কেউ কেউ নিজস্ব প্রভাব বাড়াতে ম্যানেজিং কমিটিতে যুক্ত হন, কিন্তু প্রতিষ্ঠান উন্নয়নে কোনও অবদান রাখেন না। এর ফলে শিক্ষার মান ক্রমেই নিচে নেমে যাচ্ছে। ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, লেখাপড়ার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আমরা যে শিক্ষার্থী তৈরি করছি, তারা ভবিষ্যতে আমাদের সম্পদ হবে—এমন নিশ্চয়তা নেই। তাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত ও গুণগত শিক্ষায় রূপান্তর করতে হবে, তিনি যোগ করেন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুচিত্র রঞ্জন দাসের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশসহ অন্যান্যরা। পরে উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন।




