চাঁদপুরে জেলা প্রশাসকের সাথে সিএনজি মালিক সমিতির বৈঠক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসকের সাথে সিএনজি মালিক সমিতির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ আগস্ট) রবিবার বিকেল ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা বসে।

সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন শুরুতেই মালিক সমিতির মতামত শোনেন।

তিনি বলেন, আপনারা জেলার বাইরের সিএনজি মালিকদের সাথেও আলোচনা করুন। আপনারা অন্যত্র যেতে পারবেন, অন্যরাও আসতে পারবে। তবে, অন্যদের জন্য নির্ধারিত যে স্ট্যান্ড দেয়া হয়েছে সেটি তারা ব্যাবহার করতে হবে।

জেলা প্রশাসক জানান, নতুন নির্ধারিত স্ট্যান্ডগুলো বাইরের সিএনজি ব্যবহার করবে, আর শহরের সিএনজি শহরেই চলবে। জেলার বাইরে থেকে আসা সিএনজি রাত ৮টার পর শহরে প্রবেশ করতে পারবে বলে আলোচনায় উঠে আসে, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সভায় জেলা ডিডিএলজি ও পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি কাজি ওমর ফারুক, সিএনজি মালিক সমিতির কার্যকরি সভাপতি লিটন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সলিম গাজি, জেলা সিএনজি চালিত শ্রমিক দলের সভাপতি মুকবুল হোসেনসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমিতির নেতারা জানান, জেলায় প্রায় ৯ হাজার সিএনজি রয়েছে, এর মধ্যে শহরে আড়াই থেকে তিন হাজার।

যানজট ও শৃঙ্খলা রক্ষায় এগুলোকে সবুজ ও হলুদ—দুই রঙে ভাগ করে পালাক্রমে শহরে চালানোর প্রস্তাব দেওয়া হয়। এতে প্রতিদিন এক রঙের সিএনজি শহরে চলবে, বাকিগুলো বাইরে যাবে। তবে মালিকদের দাবি, গাড়ি দীর্ঘদিন অব্যবহৃত থাকলে এবং ড্রাইভার সংকটে আর্থিক ক্ষতি হচ্ছে। তাই হলুদ ও সবুজ—দুই রঙের সিএনজিই নিয়ম মেনে চলার প্রস্তাবে জেলা প্রশাসকের সাথে সহমত পোষণ করেন তারা।

সভায় পৌর সিএনজি শ্রমিক দলের সভাপতি খোকন ফরাজি ও প্রতিষ্ঠাতা সভাপতি রিপন হোসেনও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী দিনগুলোতে সব সমিতির সাথে ধারাবাহিক বৈঠকের পর সবার সম্মতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত খবর