চাঁদপুরে ধানের শীষের সমর্থনে মিছিল

স্টাফ রিপোর্টার : সম্ভাব্য তফসিল ঘোষণার পরেই শুরু হয়েছে চাঁদপুরে জাতীয় নির্বাচনী আমেজ।

এরই অংশ হিসেবে চাঁদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডে বিএনপি’র পক্ষে ধানের শীষের সমর্থনে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে একটি মিছিল বের হয়।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে থেকে মিছিলটি বের হয়ে শহরের আদালত পাড়া, ছায়াবানী মোড়, নিউ ট্রাক রোড, নতুন বাজার হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি যদি দল থেকে (বিএনপি) মনোনয়ন পাই, আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে চাঁদপুরকে একটি আধুনিক, বাণিজ্যিক ও উন্নয়নশীল শহরে রূপান্তর করব।

শহরের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, বেকারত্ব দূরীকরণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা প্রদানের জন্য ব্যাপক পরিকল্পনা রয়েছে। শিক্ষা খাতে ব্যাপক সংস্কার করে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সর্বোপরি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

এই চাঁদপুর হবে একটি অপরাধমুক্ত শহর, যেখানে দখলবাজি, চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং কিংবা কোনো ধরণের অপরাধমূলক কার্যকলাপের ঠাঁই থাকবে না।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক সুযোগ। বিএনপি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

পথসভা ও মিছিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান গাজী,মোঃ বিএম শাহজাহান , পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সেক্রেটারি মোঃ হারুনুর রশিদ সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

সম্পর্কিত খবর