
মহসিন হোসাইন: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেল ৫টায় চাঁদপুর শহরের বিপণীবাগ মাদ্রাসা মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা হেফাজতে ইসলামের সভাপতি হযরত মাওলানা লেয়াকত হোসাইন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও শেখ হাসিনার পতনের পেছনে হেফাজতে ইসলামের ভূমিকা অগ্রগণ্য ছিল। ১৭ বছরের শাসনামলে আমাদের নেতা-কর্মীদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু আমরা পিছু হটি নাই। ইসলাম রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং তা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে সরকারের বর্বর দমন-পীড়ন ইতিহাস হয়ে থাকবে। ওই আন্দোলন থেকেই আওয়ামী সরকারের পতনের সুর বেজে ওঠে। আমাদের অবদানের স্বীকৃতি ‘জুলাই সনদ’-এ অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলা হেফাজতের সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি মাহাবুবুর রহমান, সহ-সভাপতি হযরত মাওলানা নেয়ামত উল্লাহ খান, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুস সালাম ও শহর জামায়াতের সভাপতি মাওলানা লেয়াকত হোসাইন প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন হযরত মাওলানা নুরে আলম। দোয়া ও মিলাদ মাহফিলে জেলা হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




