ফরিদগঞ্জ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠান

এস. এম. ইকবাল, ফরিদগঞ্জ : চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম।

অনুষ্ঠানে পুলিশের সেবামূলক কার্যক্রম, জননিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা রোধসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পাড়ামহল্লার সমস্যা, সামাজিক অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি মতামত তুলে ধরেন।

ওসি মোহাম্মদ শাহ্ আলম বলেন, ‘ওপেন হাউস ডে জনগণের সঙ্গে পুলিশের সরাসরি সংযোগের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আমরা চাই, জনগণ পুলিশকে আস্থার প্রতীক হিসেবে দেখুক। সবাই মিলে কাজ করলে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘বর্তমান পুলিশ প্রশাসন আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব। আমরা চাই, কেউ যেন ভয় না পেয়ে থানায় এসে নিজের সমস্যা জানান। সহযোগিতা চাওয়াটা হোক স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত ব্যাপার।’

অনুষ্ঠানে বক্তব্য দেন থানার সেকেন্ড অফিসার আমজান আলী চৌধুরীসহ থানার অন্যান্য কর্মকর্তারা।

সম্পর্কিত খবর