মতলবে ধনাগোদা নদীতে অবৈধ রেস্টুরেন্ট অপসারণে নড়েচড়ে বসেছে প্রশাসন

স্টাফ রিপোর্টার :মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া এলাকায় ধনাগোদা নদীর বুক দখল করে গড়ে ওঠা অবৈধ ধনাগোদা ভাসমান রিভারভিউ রেস্টুরেন্টের বিষয়ে অবশেষে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও মতলব উত্তর থানা পুলিশের একটি যৌথ টিম অভিযান চালায়।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেস্টুরেন্ট মালিকপক্ষকে প্রাথমিকভাবে সতর্ক করে এবং নিজ দায়িত্বে অবৈধ কাঠামো অপসারণের জন্য সময় বেঁধে দেয়।

এর আগে ৪ জুন ২০২৫ তারিখে পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) তিন দিনের মধ্যে রেস্টুরেন্ট অপসারণের নির্দেশ দিয়ে চিঠি দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং রেস্টুরেন্টটি নিয়মিতভাবে চালু থাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়।

স্থানীয়দের ভাষ্যমতে, অভিযানকালে নদীর পাড়ে ভিড় করে উৎসুক জনতা। আইনশৃঙ্খলা বাহিনী রেস্টুরেন্ট মালিককে জানিয়ে দেয়, এখনই সরে না গেলে পরবর্তীতে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান পরিচালনার খবরে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে তারা অভিযোগ জানিয়ে আসছিলেন।

একজন প্রবীণ মৎসজীবী বলেন, যদি সেনাবাহিনী না আসত, তাহলে এই রেস্টুরেন্ট কোনোদিন সরত না। প্রশাসনের মধ্যে কেউ কেউ ম্যানেজ হয়ে আছে, এটাই সবাই বলত।

অবৈধভাবে নদী দখল করে গড়ে ওঠা রেস্টুরেন্ট এখন প্রশাসনের নজরে পড়েছে। সেনা-পুলিশের এই যৌথ অভিযান প্রশাসনের জাগরণে নতুন আশার সঞ্চার করেছে। তবে স্থানীয়রা বলছেন, শুধু সতর্কতা নয়, দ্রুত বাস্তব পদক্ষেপ ও উচ্ছেদ কার্যক্রম শুরু না হলে এ অভিযানও হবে একদিনের ‘শোডাউন’।

সম্পর্কিত খবর