চাঁদপুর-৩ সংসদীয় আসনে কোনো পরিবর্তন হচ্ছে না

চাঁদপুর খবর রিপোর্ট : অপরিবর্তিত থাকছে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) সংসদীয় আসন। পূর্বের মতই বহাল থাকছে আসনটি, এ আসনে কোনো পরিবর্তন হচ্ছে না। চাঁদপুর-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি।

এটি চাঁদপুর জেলার (সদর-হাইমচর উপজেলা) নিয়ে অবস্থিত জাতীয় সংসদের ২৬২ নং আসন।
চাঁদপুরের একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড়তুলেন যে সদর ও হাইমর উপজেলায় আলাদা আসন ভাগ হবে, তা ভেস্তে গেল।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তার মধ্যে চাঁদপুর জেলা কোন আসন পরিবর্তননের কথা উল্লেখ নেই। জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। এসব পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে।

গত (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ৩৯টি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব করা হলেও বাকি আড়াই শতাধিক আসনের আগের সীমানা বহাল রাখা হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত সংক্ষুব্ধরা এই খসড়ার বিরুদ্ধে আবেদন করতে পারবেন। আপত্তি ও দাবির শুনানি শেষে চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ করা হবে। সীমানা নির্ধারণে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটির প্রতিবেদন ও নির্বাচন কমিশনের অনুমোদনের পর প্রস্তাবের বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে গাজীপুরে পাঁচটি ও বাগেরহাটে চারটি সংসদীয় আসন রয়েছে। প্রস্তাব অনুযায়ী, জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বেড়ে ছয়টি হবে। বাগেরহাটে একটি আসন কমে তিনটি হবে। বাকি সব জেলার আসন একই রাখা হয়েছে।

আনোয়ারুল ইসলাম বলেন, ৬৪ জেলার যে গড় ভোটার নির্ধারণ করা হয়েছে, তার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বাড়ালে এবং বাগেরহাটে একটি কমালে সমতা চলে আসবে। বাকি ২৬১টি সংসদীয় আসনে কোনো পরিবর্তন হচ্ছে না। দুই অথবা তিনটি আসন নিয়ে গঠিত জেলাগুলোর সীমানাও আগের মতো থাকছে।

সম্পর্কিত খবর