
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি মিনি অবৈধ পেট্রোল পাম্পের দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করেছে।
বুধবার (৩০ জুলাই ২০২৫খ্রি.) সন্ধ্যা ৭টায় চাঁদপুর সদর উপজেলার দেবপুর ব্রিজের পূর্ব দিকে খাদ্যের গোডাউনের ফ্যাক্টরি সামনে থেকে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সাথে ছিলেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খাঁন, ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, ৩নং ওয়ার্ড ইউপি মেম্বার মনিরুজ্জামান পাটোয়ারী। সাথে চাঁদপুর মডেল থানা পুলিশের কর্মকর্তা সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার দেবপুর ব্রিজের পূর্ব দিকের এলাকায় অবৈধভাবে দোকানের ভেতরে পেট্রোল পাম্প বসিয়েছে এক তেল ব্যবসায়ী। এতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছিলো। এক খুচরা তেল ব্যবসায়ী একটি তেলের পাম্পটি স্থাপন করে দীর্ঘদিন ধরে ডিজেল ও পেট্রোল বিক্রি করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর অভিযান চালানো হয়।
চাঁদপুর সদরের অলিগলি থেকে জেলা-উপজেলাগুলোতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে বোতলে বোতলে জ্বালানি তেল ডিজেল পেট্রোল ও অকটেন বিক্রির দৃশ্য দেখা যায় হরহামেশাই। এ কারণে বহু দুর্ঘটনা ঘটলেও ব্যবস্থা নিতে দেখা যায়নি যথাযথ কর্তৃপক্ষের।




