জুলাই পুনর্জাগরণে চাঁদপুরে রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মহসিন হোসাইন: জুলাই পুনর্জাগরণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প।

সোমবার (২৮ জুলাই ২০২৫) সকালে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই ক্যাম্পে নানা ধরণের মানবিক ও চিকিৎসাসেবা প্রদান।

স্বাস্থ্যসেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সময় ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল।

ক্যাম্পে বিনামূল্যে দেওয়া হয় কোভিড-১৯ ইনফ্লুয়েঞ্জা ভ্যাক্সিন, রক্তের গ্রুপ নির্ণয়, ডেঙ্গু পরীক্ষা, সাধারণ স্বাস্থ্যসেবা, চক্ষু পরীক্ষা, ওষুধ এবং চশমা। একইসঙ্গে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

এই কর্মসূচিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জুলাই পুনর্জাগরণ শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক চেতনার বহিঃপ্রকাশ। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা চাই শুধু একদিন নয়, বরং সারা বছরজুড়ে জনগণ নিয়মিত স্বাস্থ্যসেবা পাক। এজন্য প্রশাসন, চিকিৎসক এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।

উল্লেখ্য, ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির অধীনে সারা মাস জুড়ে চাঁদপুরে নানা ধরণের সামাজিক, মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম চলছে। স্বাস্থ্যসেবা ক্যাম্প তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

সম্পর্কিত খবর