প্রতারণার অভিযোগে চাঁদপুর নাভানা হাসপাতালের মালিক কিশোর সিংহকে আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর নাভানা হাসপাতালের মালিক প্রতারক কিশোর সিংহ রায়কে এবার আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

মূলত মুচলেকায় তাকে ছাড় দেওয়া হয়নি, কেউ প্রথমে বাদী না হওয়াতে তাকে আটক করা সম্ভব হয়নি । যখনই বাদী হয়ে একজন এজহার করেছে তখনই তাকে আটক দেখানো হয়েছে । প্রতারনা করে কোটি কোটি টাকা হাতিয়েও নেয় সে ।

গতকাল সোমবার (২৮ জুলাই ২০২৫ খ্রি.) চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া দৈনিক চাঁদপুর খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরে আটক প্রতারক কিশোর সিংহ রায়কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে।

এই প্রতারক হাসপাতালের মালিক চাঁদপুর সদরের ৯নং বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদ গুলিসা গ্রামের মৃত কানু সিংহ রায়ের ছেলে। সে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক, আর সেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আরও বেশি মানুষকে প্রভাবিত করেছেন।

সে “অস্ট্রেলিয়া নেওয়ার নামে মানুষের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে পালিয়ে যায়। শুধু বিদেশ নেওয়ার প্রলোভনই নয়, নিজের হাসপাতালের শেয়ার দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েও কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অনেকে জানান প্রতি জনের কাছ থেকে গড়ে ১৪ লাখ টাকা করে নিয়েছিলেন বিদেশে নেওয়ার নামে। কেউ কেউ হাসপাতালের শেয়ার কিনেছেন ভেবে কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন।

তারা আরও বলেন, পালিয়ে যাওয়ার আগেই কিশোর সিংহ রায় নিজের ফ্ল্যাট বিক্রি করে সেই টাকা ভারতে পাচার করেছেন। এমনকি হাসপাতালের অনেক মালামালও অন্যত্র বিক্রি করে দিয়েছেন। ভুক্তভোগীদের দাবি এই প্রতারকের বিরুদ্ধে যেন দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

দীর্ঘদিন লুকিয়ে থাকার পর সম্প্রতি বিশেষ কাজে হাসপাতালের অফিস রুমে আসেন। খবর পেয়ে ক্ষতিগ্রস্তরা সেখানে উপস্থিত হন। তারা পাওনা টাকা চাইলে কিশোর সিংহ রায় তা দিতে অস্বীকার করেন। পরে ক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে ও লাঞ্ছিত করে। চাঁদপুর মডেল থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের হেফাজতে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে, অসংখ্য পাওনাদার থানার সামনে জড়ো হন।

তার এক মামলায় জামিনে থাকায় তাঁকে সোহাগ নামে এক ব্যক্তির জিম্মায় পাওনাদাররা ছাড়িয়ে নিয়ে যায়।
এবিষয়ে গতকাল চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া দৈনিক চাঁদপুর খবরকে জানান, চাঁদপুর নাভানা হাসপাতালের মালিক প্রতারক কিশোর সিংহ রায়কে একটি মামলায় এজহার দেখিয়ে আটক করা হয়েছে ।

তাকে মুচলেকায় ছাড়া হয়নি । প্রথমে কেই বাদী হয়নি । পরক্ষণে একজন বাদী হওয়ায় তাকে আটক করতে সক্ষম হয়েছি । উক্ত তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

সম্পর্কিত খবর