
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বিটি রোডের আখন বাড়ি জামে মসজিদে রোববার (২৭ জুলাই ২০২৫খ্রি.) সকালে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে রাব্বি নামে এক কিশোর।
স্থানীয়রা জানান, সকালে মসজিদের দরজা খোলা দেখে সন্দেহ হয়।
ভিতরে ঢুকে দেখা যায় এক কিশোর দানবাক্স ভেঙে টাকা ব্যাগে ঢুকাচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁরা ছেলেটিকে আটক করে।
আটক রাব্বি চাঁদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মধ্য শ্রীরামদীর আবুল কাশেমের ছেলে। ছদ্মবেশে মসজিদে ঢুকেছিল এ কিশোর। তার শরিরে পাঞ্জাবি, মাথায় টুপি, পরনে লুঙ্গি। দেখলে বুঝাযায় সাধারণ মুসল্লি, কিন্তু উদ্দেশ্য ছিল চুরি। স্থানীয়রা বলেন, আগেও একাধিকবার সে বিভিন্ন মসজিদের দানবাক্সে চুরির সঙ্গে জড়িত ছিল।
ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই গাজী কালাম মসজিদে গিয়ে রাব্বিকে থানায় নিয়ে যান।
এলাকাবাসী চায়, এই কিশোরের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে ভবিষ্যতে আর কেউ পবিত্র স্থানে এমন অপরাধ করতে সাহস না পায়।




