
এস. এম. ইকবাল, ফরিদগঞ্জ : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ধারালো টিপ ছুরি ও একটি পুরোনো স্মার্টফোনসহ মো. মাসুম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুলাই ২০২৫) বিকেলে উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর নদোনা (আমির বাড়ি) এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক মাসুমের বাবা মো. সাহাদাত হোসেন পাটওয়ারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ জুলাই সকালে মাসুম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে হাতে ধারালো টিপ ছুরি নিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তিকে প্রকাশ্যে গালমন্দ ও হুমকি দেন। এসময় তিনি বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করে ভয়ভীতি প্রদর্শন করেন।
লাইভটি স্থানীয়দের দৃষ্টিগোচর হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তার বসতঘরে অভিযান চালিয়ে মাসুমকে আটক করে।
স্থানীয়রা জানান, মাসুম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসের সাথে জড়িত। কেউ প্রতিবাদ করলে তাদের মারধর বা কুপিয়ে আহত করতেন। সম্প্রতি এক মুক্তিযোদ্ধার বাড়ির সামনে রাতের আঁধারে মাসুম মাদক সেবন করছিলেন। ওই মুক্তিযোদ্ধার ছেলে বাঁধা দিলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন মাসুম।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন, “আটককৃত মাসুম এলাকায় চুরি, মাদক বিক্রি ও সেবনসহ নানা অপরাধে জড়িত। ফেসবুক লাইভে হাতে টিপ ছুরি নিয়ে হুমকির ঘটনাকে গুরুত্ব দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করি। তাঁর বিরুদ্ধে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০৪ (সংশোধিত ২০২৪)’-এর ৪(১) ধারায় মামলা দায়ের করে রোববার আদালতে পাঠানো হয়েছে।”




