
মহসিন হোসাইন : জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে এগিয়ে আসি —এই প্রতিপাদ্যে চাঁদপুরে লাখো কণ্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মহতি আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস. মুরশিদ।
প্রধান অতিথির শপথ করানোর মধ্য দিয়ে শুরু হয় সম্মিলিত এই অঙ্গীকারের মুহূর্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন,জাতীয় সংগীত আমরা সবাই পড়ি, কিন্তু কতজন তা হৃদয়ে ধারণ করি? তেমনি শপথ বাক্যও কেবল উচ্চারণের জন্য নয়—এটি অন্তরে ধারণ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে সেবার অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আমাদের সকলের দায়িত্ব আছে।
তিনি আরও বলেন, জুলাই চেতনাকে অন্তরে ধারণ করে রাষ্ট্রের প্রতিটি কাজ সম্পাদন করতে হবে। তরুণরা হোক বা কম শিক্ষিত কেউ—সবার মাঝেই প্রতিভা আছে। তাদের সহায়তা ও আস্থার মাধ্যমে সমাজ এগিয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান রনি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, জেলা সমাজসেবা সহকারী পরিচালক মোঃ নূরুল বাশির,
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
‘জুলাই চেতনার আলোকে’ সমাজ গঠনের লক্ষ্যে নেওয়া এই শপথ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ ও সচেতনতামূলক বার্তা।




