
মহসিন হোসাইন: চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী মাঠটি দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থাকা, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব ও অনাকাঙ্ক্ষিত দখলের কারণে খেলাধূলার অনুপযোগী হয়ে পড়েছে।
তবে শিশু-কিশোরদের জন্যে স্বস্তির খবর—মাঠটি এখন নতুন রূপে ফিরে আসছে। জেলা প্রশাসনের উদ্যোগে মাঠটির সংস্কার কাজের জন্যে ৩৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে। শিগগিরই এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন, চাঁদপুর শহরে শিশু-কিশোরদের জন্যে খেলার জায়গার অভাব প্রকট। এই শহরে হাসান আলী স্কুল মাঠই একমাত্র উন্মুক্ত মাঠ, যা বিভিন্ন বয়সী মানুষ খেলাধূলার জন্যে ব্যবহার করে থাকেন। তাই এই মাঠটির সংস্কার এখন সময়ের দাবি।
ডিসি আরও জানান, সংস্কার প্রকল্পের আওতায় মাঠের চারদিকে সুরক্ষিত দেয়াল নির্মাণ করা হবে, যাতে হকার বা অন্য কোনো অবাঞ্ছিত দখলদার প্রবেশ করতে না পারে। একই সঙ্গে মাঠটিকে খেলাধূলার উপযোগী করতে পর্যাপ্ত মাটি ভরাট, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস লাগানো এবং প্রয়োজনীয় অন্যান্য উন্নয়ন কাজ করা হবে।
স্কুলটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছেও মাঠটি শুধুই একটি খেলার জায়গা নয়, এটি স্মৃতির একটি অংশ। মাঠে ফিরবে খেলাধূলা, শিশুরা পাবে মুক্ত বাতাসে দৌড়ানোর সুযোগ—এমন প্রত্যাশায় মুখর স্থানীয় বাসিন্দারাও।
জানা গেছে, কাজ শুরুর পরপরই এটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।




