
হাইমচর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর উপজেলায় ‘রীম টাচ্ কোম্পানি লিমিটেড’ নামক একটি এনজিওর বিরুদ্ধে প্রায় ১০ হাজার গ্রাহকের ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) হাইমচর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গ্রাহকরা এই গুরুতর অভিযোগ করেন।
ভুক্তভোগীরা জানান, রীম টাচ্ কোম্পানি বিগত পাঁচ-ছয় বছর ধরে লোভনীয় মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি হঠাৎ করেই উধাও হয়ে গেছে এবং গ্রাহকদের টাকা ফেরত না দিয়েই গা ঢাকা দিয়েছে।
সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন হাওলাদার নামের একজন চায়ের দোকানদার জানান, তিনি ৭ লক্ষ টাকা পাবেন। আলগী বাজারের ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকা এবং উপজেলার বিভিন্ন এলাকার কয়েক কোটি টাকা এই প্রতিষ্ঠানে আটকা পড়েছে।
খাবার হোটেলের স্টাফ থেকে শুরু করে কনফেকশনারী ব্যবসায়ী, ফলের ব্যবসায়ী, এমনকি প্রাক্তন কর্মীরাও তাদের কষ্টার্জিত অর্থ হারানোর অভিযোগ করেছেন। একজন ভুক্তভোগী এডভোকেট আবুল কালাম জানান, তার বোন জামাইয়ের ৬৬ হাজার টাকা এই কোম্পানিতে জমা ছিল, যিনি বর্তমানে ক্যান্সার আক্রান্ত এবং টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে তাদের কষ্টার্জিত টাকা ফেরত দেওয়ার জোর দাবি জানিয়েছেন। এ সময় সংবাদ সম্মেলনে হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটোয়ারীর পরিচালনায় প্রেসক্লাবের সদস্যরা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




