
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের অজোপাড়া গাঁয়ে শিক্ষার আলো ফুটানোর কারিগর বিশিষ্ট ব্যাংকার ও বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যাক্তিত্ব মরহুম আলহাজ্ব এম এম নুরুল হকের আগামীকাল শুক্রবার তৃতীয় মৃত্যুবার্ষিকী। তিনি গত ২০২২ সালের ২৫ জুলাই সোমবার ভোর ৪টা ১০ মিনিটে রাজধানী ঢাকার উত্তরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
ওই দিনই সন্ধ্যায় তার গ্রামের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
তার মৃত্যুবার্ষিকীতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে শোক র্যালী, শোকসভা, দোয়া অনুষ্ঠান এবং এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করবেন মনজুরুল হক শোয়েব ও বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা জেসমিন আরা মুন্ নী।
মরহুম আলহাজ্ব এম এম নুরুল হক ১৯৩৫ সালের ২৯শে নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চাঁদপুর সরকারি কলেজ ৩ বছর সম্মানের সাথে শিক্ষকতা করেন।
তিনি ১৯৯৭ সালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘদিন ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের পাশে মনজুরা ইসলামীয়া মাদ্রাসা ও এতিম খানা লিল্লাহ বোর্ডিং এবং আল আরাফা জামে মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন।
কর্মজীবনে তিনি দেশের খ্যাতিনামা সাতটি ব্যাংকের এমডি হিসেবে নিয়োজিত ছিলেন। জীবদ্দশায় তিনি ছিলেন দানশীল ও পরোপকারী ব্যক্তি। সমাজের নানা ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, নাতি নাতনি আত্মীয়-স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে যান। মরহুম আলহাজ্ব এম এম নুরুল হকের একমাত্র ছেলে দেশের বিশিষ্ট খ্যাতিনামা ব্যবসায়ী আলহাজ্ব মনজুরুল হক শোয়েব এম এম নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
এক ফোন আলাপে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব জানান শুক্রবারে বাবার মৃত্যুবার্ষিকীতে তার বাবার প্রতিষ্ঠিত মনজুরা ইসলামীয়া মাদ্রাসা ও এতিম খানা লিল্লাহ বোর্ডিং এ পবিত্র কোরআন খতম ও মিলাদ এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।




