
সংবাদ বিজ্ঞপ্তি : চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক ও এসিজির অ্যাডভোকেসি সভা গতকাল ২৩ জুলাই ২০২৫ সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সনাকের সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভূমিসেবা সম্পর্কিত তথ্য না জানার কারনে সাধারণ জনগণ প্রতিনিয়ত দালাল দ্বারা প্রতারিত হচ্ছে। ভূমিসেবা নিতে দালালের কাছে না গিয়ে সরাসরি আমার কাছে চলে আসবেন। ভূমিসেবা এখন অনলাইন হয়ে গেছে। খাজনা এখন অনলাইনের মাধ্যমে দেওয়া হয়। নামজারী আবেদনও অনলাইনের মাধ্যমে করতে হয়।
তিনি বলেন, সনাকের সভাগুলোতে আমার আগ্রহ খুবই বেশি। কারণ সনাক ও এসিজি সবসময় মাঠ পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো তুলে আনে। আবার সেটা আমাদের সাথে আলোচনা করে সমাধানের উদ্যোগ গ্রহণ করে। যা আমাদের দ্বারা অনেক সময় সম্ভব হয়ে উঠে না। তিনি বলেন, আপনারা আজ যে সমস্যাগুলো উপস্থাপন করেছেন তা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। ভূমিসেবার মানোন্নয়নে সিটিজেন চার্টার, প্রান্তিক ও নারীদের জন্য সেবার সহজীকরণ, ব্রেস্ট ফিডিং কর্ণার ও দালালের দৌরাত্ম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন সেবা গ্রহিতার সাথে যেন আমার অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী খারাপ আচরণ না করে সেজন্যে ইতেমধ্যে নির্দেশনাও দেওয়া হয়েছে। খারাপ আচরনের কারণে অনেকে আবার শাস্তিও পেয়েছেন।
তিনি আরও বলেন, অনেকে ভূমি উন্নয়ণ কর নিয়ে সমস্যায় পড়ে। ভূমি উন্নয়ন কর সবসময় ব্যবহারভিত্তিক হয়। আমি চেষ্টা করি বৈধভাবে ও ভূমি আইনের নিয়মের মধ্যে থেকে ভূমিসেবা নিশ্চিত করতে। কোনদিন কারো ক্ষতি করার চেষ্টা করিনি। আমি আসার পর ভূমি অফিসের দালালচক্র অনেকটাই ভেঙ্গে দিয়েছি। তিনি ভূমিসেবা বিষয়ে জনগণকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি এরধরণের একটি অ্যাডভোকেসি সভা আয়োজন করার জন্য সনাক ও এসিজি গ্রুপকে ধন্যবাদ জানান।
স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি ও সনাকের ভূমি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী শাহাদাত, সনাক-টিআইবি দুদকের মতো কাজ করে না। আমরা মূলত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমস্যার সমাধান করে থাকি। আমরা জনগণের কাছ থেকে প্রাপ্ত সমস্যাগুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সমাধানের উদ্যোগ গ্রহণ করে থাকি। তিনি আরও বলেন, আজকের সভায় মূলত সনাক-চাঁদপুরের ভূমি বিষয়ক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন জায়গায় কমিউনিটি অ্যাকশন মিটিং থেকে যেসকল মতামত বা সুপারিশ পেয়েছে সেগুলো উপস্থাপন করা হবে।
সনাকের সাথে চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভূমিসেবায় পরিবর্তন আসবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, আজকের আলোচনাগুলো খুবই প্রাণবন্ত হয়েছে। সহকারী কমিশনার মহোদয় ভূমি বিষয়ে অনেক অভিজ্ঞ ও চমৎকার একজন মানুষ। তিনি খুবই সুন্দরভাবে উত্থাপিত সমস্যাগুলোর উত্তর দিয়েছেন। তিনি আজকের এই ফলপ্রসু সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
সভায় কমিউনিটি অ্যাকশন মিটিং থেকে প্রাপ্ত সমস্যা ও সুপারিশ তুলে ধরেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসী, সনাক সদস্য মোঃ আব্দুল মালেক, মোঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, অ্যাডভোকেট পলাশ মজুমদার, কানুনগো দেবব্রত দাস, এসিজি গ্রুপের সমন্বয়কারী মোঃ উজ্জল হোসাইন, মোঃ আলাউদ্দিন পাটওয়ারী ও সাইফুল ইসলাম আকাশ প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইয়েস, এসিজি সদস্যবৃন্দ এবং টিআইবি কর্মীবৃন্দ।




