মহসিন হোসাইন : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবিতে) “হায়ার এডুকেশন ট্রান্সফরমেশন ফর কম্পিটেন্স ৪.০” শীর্ষক একটি গুরুত্ববহ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই ২০২৫ খ্রি.) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভবন-২ এর সেমিনার কক্ষে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। তিনি সূরা আন-নাবার প্রথম দুই আয়াত উদ্ধৃত করে বলেন, তারা কী নিয়ে একে অপরকে জিজ্ঞেস করে? সেই মহাসংবাদ নিয়ে।” (সূরা আন-নাবা: আয়াত ১-২)।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে জ্ঞান ও প্রযুক্তির যে অভাবনীয় বিস্ফোরণ ঘটেছে, তাতে টিকে থাকতে হলে দক্ষতা ও প্রাসঙ্গিক শিক্ষার সমন্বয় অত্যাবশ্যক। তিনি স্টিম (S-Science, T-Technology, E-Engineering, M-Mathematics) শিক্ষার ওপর গুরুত্বারোপ করে একে সাতটি জগতে ভাগ করে ব্যাখ্যা করেন এবং শিক্ষার্থীদের স্টিমভিত্তিক প্রকল্প গ্রহণে উৎসাহ দেন। এছাড়া, উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নরওয়ের বার্গেনে অবস্থিত ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস-এর টেকনোলোজি, বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের সম্মানিত অধ্যাপক ড. এস. এম. আব্দুল কুদ্দুছ। তিনি তাঁর প্রবন্ধে ৪র্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে কম্পিটেন্স ও কোয়ালিটি সম্পন্ন উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও উদ্দেশ্যের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক এবং প্রকৌশল-কারিগরি চাহিদার সমন্বয়ে সময়োপযোগী ও মানসম্মত কারিকুলাম প্রণয়নের কোনো বিকল্প নেই।
সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক সোহেল রানা এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক মো. বাইজীদ আহম্মেদ রনি। এসময় চাঁবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।