
সমির ভট্রচার্য্য : মতলব দক্ষিণে ঋণের ভার সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আব্দুল হান্নান প্রধান (৬০) নামে এক বৃদ্ধের আত্মহনন।
রবিবার (২০ জুলাই-২০২৫) সকালে নারায়ণপুর পৌরসভার পদুয়া গ্রামের দানাউল্লাহ প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নারায়ণপুর পৌরসভার পদুয়া গ্রামের দানুউল্লাহ প্রধানিয়া বাড়ির মৃত আব্দুল খানের ছেলে আব্দুল হান্নান প্রধান গত প্রায় দুই বছর আগে মাদারীপুর জেলার কামরুল ইসলাম নামে এক দালালের মাধ্যমে এলাকার ৭ জন ব্যক্তিকে ইউরোপে পাঠানোর জন্য টাকা নিয়েছিলেন। ওই টাকার জন্য চাপ দিলে রবিবার সকাল ৭টার দিকে ঘরের আড়ার সাথে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। মৃত আব্দুল হান্নানের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
আব্দুল হান্নানের স্ত্রী মরিয়ম বেগম বলেন, আমি সকালে ঘুম থেকে উঠে হাটতে চলে যাই। বাড়ি ফিরে এসে দেখি ঘরের আড়ার সাথে আমার স্বামীর লাশ ঝুলছে। আমার স্বামী দালালের মাধ্যমে বেশ কয়েক জনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নেয় এবং ৭ জনকে বিদেশে পাঠায়। এর মধ্যে ৪ জন দেশে ফিরে এসে তাদের টাকার জন্য চাপ সৃষ্টি করলে আমার স্বামী আত্মহত্যা করে। আমার স্বামী জায়গা জমি বিক্রি করে প্রায় ৬০ লক্ষ টাকা তাদের পরিশোধ করেছিল।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ্ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




