চাঁদপুরে গুণগত শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে মতবিনিময় সভা

মহসিন হোসাইন :  চাঁদপুরে গুণগত শিক্ষার মান নিশ্চিতকরণ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ সৃষ্টি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় গতকাল (১৯ জুলাই) বিকেল ৫টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) চাঁদপুরের কৃতিসন্তান  প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, “টিচিং, লার্নিং এবং এনভায়রনমেন্ট—এই তিনটি বিষয়ের মধ্যে পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষা মানেই কেবল জিপিএ ফাইভ নয়, একজন শিক্ষার্থীর ট্যালেন্ট একাধিক বিষয়ে থাকে।

তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষায় যে আধুনিক উপকরণ রয়েছে, আশির দশকে সেসব ছিল না—তবুও অনেকেই সফল হয়েছেন। তাই শিক্ষার মানদণ্ড কেবল গ্রেড বা ফলাফল নয়। শিক্ষার্থীদের চাপ না দিয়ে তাদের শেখার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।

প্রধান অতিথি শিক্ষার্থীদের কিশোর গ্যাং বা মাদক থেকে দূরে রাখার জন্য পরিবারের ভূমিকাকেও গুরুত্ব দেন। বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভালো গুণাবলি গড়ে তুলুন—তবেই দেশ ও সমাজ উপকৃত হবে। কারিগরি, মাদ্রাসা বা একাডেমিক—যে কোনো পথেই গুণগত শিক্ষা সম্ভব।

তিনি ফলাফল বিপর্যয়ে পড়া শিক্ষার্থীদের দৃষ্টিতে রেখে বলেন, তাঁদের হতাশ হতে দেওয়া যাবে না। বরং লালন-পালন করে পাশে দাঁড়াতে হবে, না হলে তারা বিপথে যেতে পারে।

সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি, পিবিজিএসআই স্কিম পরিচালক প্রফেসর মোঃ তোফাজ্জেল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন আক্তার।

তাঁরা বলেন, খাতা দেখে বা অন্যের সাহায্যে পরীক্ষা পাসের দিন শেষ। আগামী ২০২৬ সালে চাঁদপুর থেকে সুন্দর ফলাফল উপহার দিতে চাই। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকতা পৃথিবীর শ্রেষ্ঠ পেশা। নৈতিক শিক্ষা ছাড়া শিক্ষার্থীদের প্রকৃত মানোন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ পাইলট জে.এল. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ হোসেন, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন এবং হাইমচর উপজেলা একাডেমিক সুপারভাইজার আহসনুল হক।

সভায় চাঁদপুর জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার ইউএসইও, এইউএসইও, একাডেমিক সুপারভাইজার এবং উপজেলার স্কুল, স্কুল অ্যান্ড কলেজ ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন। বিশেষ করে সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণও সভায় অংশ নেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ মাসুদুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র শিক্ষক কবির আহমদ এবং গীতা পাঠ করেন শিক্ষক গনেশ চন্দ্র দাস।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং শেষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্পর্কিত খবর