স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী রোভার স্কাউটদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
গতকাল ১৯ জুলাই শনিবার দুপুরে চাঁদপুর জেলা স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের আয়োজনে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুরের জেলা প্রশাসক এবং বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে রোভারদের সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের এই উদ্যোগকে সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, “রোভাররা প্রমাণ করেছে, সংকটময় মুহূর্তে তারাই সমাজের নির্ভরযোগ্য শক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আমাদের রোভাররা ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চাঁদপুর শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার যে মহৎ কাজে স্বেচ্ছায় আত্মনিয়োগ করেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। আমি বিশ্বাস করি, এই সেবার মাধ্যমে তারা দেশের প্রতি তাদের দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই কর্মতৎপরতা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও সেবার মন্ত্রে দীক্ষিত হতে অনুপ্রাণিত করবে।” তিনি আরও বলেন যে, এই ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভারের কমিশনার লেফটেন্যান্ট মোঃ শোয়ায়েব। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক, আইসিটি ও বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের সম্পাদক মো. ফয়সাল আহম্মেদ ফরাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের কোষাধ্যক্ষ সমান মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক পূরবী সরকার এবং বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের সহ-সভাপতি মোশারফ হোসেন লিটন। তারাও তাদের বক্তব্যে রোভারদের আত্মত্যাগমূলক কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ সেবামূলক কার্যক্রমে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্কাউটস-এর কমিশনার মোঃ শাহজাহান সিদ্দিকী এবং সম্পাদক মোহাম্মদ হোসেন, রোভার সম্পাদক (প্রাক্তন) আখতারুজ্জামান খোকা এবং মো. নজরুল ইসলামসহ বিভিন্ন কলেজের রোভার স্কাউট লিডারগণ।
আলোচনা সভা শেষে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নিরলস সেবা প্রদানকারী সকল রোভার স্কাউটদের হাতে বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রাপ্ত সনদপত্র তুলে দেওয়া হয়। সনদপ্রাপ্ত রোভাররা এই স্বীকৃতি পেয়ে আনন্দ প্রকাশ করে এবং ভবিষ্যতেও সমাজের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।