জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস স্মরণে চাঁদপুরে প্রতীকী ম্যারাথন

মহসিন হোসাইন : চাঁদপুরে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৮ জুলাই) শুক্রবার সকাল ৭টায় ম্যারাথনটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ওয়ারলেস মোড় থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অংশ নেন আন্দোলনের বীর আহত যোদ্ধারা, শহীদ পরিবারের সদস্যরা, শিক্ষার্থীরা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং ‘জুলাই মঞ্চ’-এর সদস্যরা।
প্রতীকী এই আয়োজনটিকে কেন্দ্র করে শহরজুড়ে বিরাজ করে এক আবেগঘন পরিবেশ। অংশগ্রহণকারীরা শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ করেন এবং পথচলতি মানুষদের মাঝে ‘জুলাই আন্দোলনের ইতিহাস’ সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সমাপ্তি পর্বে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত সভায় চাঁদপুর  জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমাদের চব্বিশের একটি সাহসিকতাপূর্ণ অধ্যায়। আজকের প্রজন্ম যেন সেই আত্মত্যাগকে স্মরণে রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য। চাঁদপুর জেলা প্রশাসন ইতিহাসের প্রতি শ্রদ্ধা রেখেই এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, শহীদদের স্মরণ মানে শুধু একটি দিন পালন নয়, বরং তাদের আদর্শকে ধারণ করে আগামী দিনের নেতৃত্ব গড়ার অনুপ্রেরণা। এই ম্যারাথন প্রমাণ করে নতুন প্রজন্ম ইতিহাসকে ভুলে যায়নি।
আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম,জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, এনসিপি চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান, ‘জুলাই মঞ্চ’ চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক জাকির হোসেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।
চাঁদপুরে আয়োজিত এই প্রতীকী ম্যারাথন শুধু একটি স্মরণানুষ্ঠান নয়, বরং একটি শক্তিশালী বার্তা—যে জাতি তার ইতিহাসকে সম্মান করে, সেই জাতিই এগিয়ে যেতে পারে সম্মানের সঙ্গে।
ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সম্পর্কিত খবর