
গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুর শহরের অগ্রদূত বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের নিয়ে ফল বিলাস উৎসব উদযাপন করেছে সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রদূত। এসময় একইসঙ্গে বাহারি রঙ আর অনন্য স্বাদের অসংখ্য মৌসুমী ফল সামনে পেয়ে আনন্দে আত্মহারা হয় বিদ্যালয়টির শিশু শিক্ষার্থীরা।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১ টায় চাঁদপুর শহরের রোটারি ভবনে এ ফল উৎসবে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুরা উপস্থিত ছিল।
শিশুরা মনের সুখে সম্মিলিত কণ্ঠে গাইছে গান। তাই সবার কণ্ঠে একই সুর। আর তার একটাই কারণ, সামনে সাজানো হরেক রকমের মৌসুমী ফল। তবে একইসঙ্গে এত ফল খাওয়া হয়না ওদের। তাদের বাবা কিংবা মায়ের সামর্থ্য নেই সন্তানের মুখে এত রকমের বাহারি ফল তুলে দেয়া।
আর সেই কাজটি করেছে তারুণ্যের অগ্রদূত নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, আনাসর, লটকনসহ আরও কতো রকমের ফল! এসব ফল সামনে পেয়ে আনন্দে আত্মহারা উপস্থিত এসব শিশুর দল।
ফল উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আরমান চৌধুরী রবিন,মাহমুদ হাসান খান,রন্টি পোদ্দার,সংগঠনের প্রতিষ্ঠাতা বিভিয়ান ঘোষ প্রমুখ।
সংগঠনের সদস্য জোবায়েদা জোয়া’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তারুণ্যের অগ্রদূতের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রিপন, কোষাধ্যক্ষ অংগন চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য, সামান্তা দিদার মারিয়া, জান্নাতুল নাঈমা জুহানী, রিয়াজ রহমান রিফাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আবির রায়, সোহানুর রহমান, সাদমান সাকিব, ইয়াসিন মোবারক, অমিত ঘোষ, নিলয় সাহা,রাবেয়া রুবা, আসমা আক্তার, সানিসহ অন্যান্যরা।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মৌসুমী এ ফল উৎসবে আমন্ত্রিত অতিথিরা জানান, আজকাল অনেক শিশুই আমাদের দেশীয় ফলের সঙ্গে পরিচিত নয়। তাই পথের ধারের শিশুদের নিয়ে এমন আয়োজন সত্যি প্রশংসনীয়।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এমন আয়োজনে অতিথি ও অংশগ্রহণকারীরা প্রশংসা জানিয়ে ভবিষ্যতে আরও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।




