চাঁদপুর সরকারি হাসপাতালের ওটির প্রবেশ রুমে আগুন

মহসিন হোসাইন : চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে ওটির প্রবেশ রুমে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে গতকাল (১৭ জুলাই) সন্ধায় আগুন লাগার ঘটনা ঘটে।

জানা যায়, ওটিতে প্রবেশ রুমের দরজার পাশে থাকা বৈদ্যুতিক বক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে গ্যাস মেরে সাথে সাথে আগুন নিভিয়ে ফেলা হয়।

এদিকে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য (নায়েক) শফিক ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ কক্ষে থাই গ্লাসের ভিতরে আগুন জ্বলতে দেখে দ্রুত গুইশার দিয়ে দরজা খুলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে তিনি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেন। একপর্যায়ে ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশ সদস্যের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় হাসপাতাল ও রোগীরা।

প্রত্যক্ষদর্শী হাসপাতালের আয়া মিলি বলেন, আমি ওটি ও আইসিইউতে দায়িত্ব পালন করি। ওটিতে প্রবেশ পথের দরজা বন্ধ করতে গেলে পোড়া গন্ধ পাই। বিষয়টি নার্স আছমা আপাকে জানালে আপা স্যারদেরকে ফোন করেন। এমন সময় এক পুলিশ সদস্য এসে গ্যাস মেরে আগুন নিভিয়ে ফেলেন। খবর শুনে হাসপাতালের কর্মকর্তাগণ চলে আসেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন আসেন। তবে তাদের আসার আগেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।

এ ব্যাপারে কর্মরত চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এজন পুলিশ সদস্য ও হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন। অল্পের জন্যে বড়ো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়।

হাসপাতালের প্রধান হিসাব সহকারী ফারুকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তাৎক্ষণিক তা নিভিয়ে ফেলা হয়।

এদিকে আগুনের দৃশ্য ও ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে রোগীরা এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার পরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং অপারেশন থিয়েটারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, বিষয়টি আমাদের কানে আসামাত্র আমাদের দায়িত্বরত পুলিশ (নায়েক) শফিক দ্রুত সেখানে গিয়ে তাৎক্ষণিক পুলিশ কন্ট্রোল রুমে বিষয়টি জানালে তখন ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নয়তো আজ বড় রকমের ক্ষয়ক্ষতি হয়ে যতো।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সৈয়াদ মোর্শেদ হোসেন জানান, আমাদের ফায়ার সার্ভিস উত্তর স্টেশন গিয়েছে ফোন আসার পর। তবে এর আগেই তারা আগুন নিভিয়ে ফেলে।

সম্পর্কিত খবর