চাঁদপুরে অবৈধ সফরমালির গরুর হাট বন্ধ করে দিয়েছে প্রশাসন

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর জেলা প্রশাসন ও যৌথবাহিনীর অভিযানে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দীর্ঘ ২০ বছরের সফরমালি গরুর হাট সোমবার (১৪ জুলাই ২০২৫খ্রি.) দুপুরে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় অবশেষে অবসান ঘটলো দুই দশক ধরে চলা একটি বিতর্কিত অধ্যায়ের।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেয় সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

জানা যায়, সফরমালি গরুর হাটটি কোনো প্রকার সরকারি অনুমোদন বা ইজারা ছাড়াই ১৯৯৫ সাল থেকে চলে আসছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত বাজারটির বিরুদ্ধে তিনটি মামলা হয়। এর মধ্যে দুটি মামলার রায় সরকারের পক্ষে এসেছে এবং একটি মামলা স্থগিত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত জানান, আমাদের কাছে বৈধ কাগজপত্র আছে এটি সরকারি জমি। সেখানে কোনো অনুমতি ছাড়া বাজার বসানো সম্পূর্ণ অবৈধ। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসি, কিন্তু তারা সরে যেতে রাজি হয়নি। তাই আজ জেলা প্রশাসনের নির্দেশে অবৈধ গরুর হাটটি উচ্ছেদ করে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আইনি জটিলতা পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখানে পুনরায় কোনো হাট বসতে দেওয়া হবে না। ভবিষ্যতে কেউ আইন অমান্য করে বাজার বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সফরমালি গরুর হাটটি ছিল জেলার সবচেয়ে বড় এবং জমজমাট বাজার। তারা চান, সরকার নিয়ম মেনে এখানে পরিবেশসম্মত ও বৈধ একটি হাট চালু করুক, যাতে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা উপকৃত হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল এই হাট থেকে কোটি কোটি টাকা অবৈধভাবে আয় করে আসছিল, যা নিয়ে সাধারণ মানুষের মাঝে অসন্তোষ বিরাজ করছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে এ অনিয়মের ইতি টানা হলো।

সম্পর্কিত খবর