
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে দুইটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রতারক চাকুরীর নামে অর্থ আত্মসাতকারী ঠিকাদার মোঃ মোক্তার হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গত শুক্রবার (১১ জুলাই ২০২৫) চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঢাকার মাদারীপুর জেলার টেকেরহাট চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে শনিবার (১২ জুলাই ২০২৫) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মোক্তার হোসেন। তার স্থায়ী ঠিকানা : মতলব উত্তর, চাঁদপুর এবং অস্থায়ী বাসিন্দা চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দী গ্রামে। তার পিতার নাম মৃত নুরুল ইসলাম এবং মাতার নাম লুৎফুন নাহার। মোক্তার হোসেনের বিরুদ্ধে চাঁদপুর আদালতে দুটি পৃথক সিআর মামলায় সাজা ছিল।
প্রথম মামলাটি (সিআর-৯৪৫/১৮) অনুযায়ী, তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। দ্বিতীয় মামলায় (সিআর-৬৬৫/২১) আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেক জালিয়াতির অভিযোগে ৪,৩৪,৪০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে।
চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় এবং চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, ঠিকাদার মোঃ মোক্তার হোসেন ফ্যাসিবাদী সরকারের দোসর ও অর্থ আত্মসাতকারী। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি স্থায়ী ঠিকানা মতলব উত্তরে আওয়ামী লীগের দলীয় পদে থেকে দাপট করে নিরিহ মানুষের অর্থ আত্মসাৎ করতেন।




