
মহসিন হোসাইন : চাঁদপুর সদর উপজেলার বাকিলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, ‘হক ফার্মেসী’ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে রাখার পাশাপাশি চিকিৎসক ব্যবহারের জন্য নির্ধারিত ‘ফিজিশিয়ান স্যাম্পল’ বিক্রি করছিল। এছাড়া, মেডিকেল বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজর টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ‘নিউ চিটাগাং বেকারি’তে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাবার পণ্য তৈরি করায় ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার প্রতিশ্রুতি প্রদান করে।
অভিযান চলাকালে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, ক্রয়ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান কার্যক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




