মতলব উত্তর বিএনপির সভাপতি অ্যাড. ফজলুল হক সরকারের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ও বৃহত্তর মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান ইন্তেকাল করছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৬ এপ্রিল ২০২৫) বেলা ২টায় ঢাকা হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকাল ১০ টায় মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাইস্কুল এন্ড কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে সর্বজন গ্রহণযোগ্য একজন রাজনীতিবিদকে হারালো মতলববাসী। তিনি ছিলেন সকলের কাছে প্রিয় মানুষ।

বিএনপি মহাসচিবের শোক : বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকার হান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু প্রেরিত বার্তায় এ তথ্য জানা যায়। শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকার হান্নানের মৃত্যুতে তাঁর পরিবারবর্গ ও নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী।

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এঁর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী অ্যাড. ফজলুল হক সরকার হান্নান চাঁদপুর জেলা ও মতলব (উত্তর) উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। ‘৭১-এর স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বীরত্বপূর্ণ ভূমিকার জন্যে তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। জনপ্রতিনিধি হিসেবেও তিনি এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাত নসিব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিভিন্ন নেতার শোক : অ্যাড. ফজলুর হক সরকার (হান্নান)-এর মৃত্যুতে শোক জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি এমএ শুক্কুর পাটোয়ারী, জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাসহ জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

ড. জালাল উদ্দিনের শোক : মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি, বৃহত্তর মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকার হান্নান মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

শোক বার্তায় তিনি বলেন, ফজলুল হক সরকার হান্নান দীর্ঘদিন ধরে মতলব উত্তর উপজেলা বিএনপির দায়িত্ব পালন করে আসছিলেন। দলের দুর্দিনে তিনি দলকে চালিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁর মতো একজন দলবান্ধব গুণীজনকে হারিয়ে আমরা যেন অনেক কিছু হারিয়ে ফেললাম। তাঁর কর্মকাহিনী আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তায়ালা মরহুমকে পরকালে ভালো রাখুক এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

সম্পর্কিত খবর