চাঁদপুর মেঘনা নদীতে অবৈধ জাল, বোট ও বাল্কহেডসহ ১৬ জন আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর মেঘনা নদীতে যৌথ অভিযানে অবৈধ জাল, বোট ও বাল্কহেডসহ ১৬ জন কে আটক করা হয়েছে।

গতকাল ২৯মার্চ চাঁদপুর জেলার মেঘনা নদীর রাজরাজেম্বর এলাকায় দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, মৎস্য অধিদপ্তর চাঁদপুর, কোস্ট গার্ড এবং জেলা পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪টি বোট ব্যবহার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট ফজলুল হক, চাঁদপুর নৌ-পুলিশের এএসপি ইমতিয়াজ আহাম্মদ, পিপিএম।

এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযানে ৪টি ইঞ্জিনচালিত বোট থেকে ১৩ জন জেলেকে আটক করা হয়, যারা অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা মাছ শিকার করছিল।

অভিযানে ৩ লক্ষ মিটার কারেন্ট জাল এবং ৩শ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

এছাড়া, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৬ মার্চ ২০২৫ থেকে বাল্কহেড চলাচলে বিধিনিষেধ থাকা সত্ত্বেও ২৯ মার্চ ২০২৫ তারিখে মেঘনা নদীর চাঁদপুর আমিরাবাদ এলাকা থেকে ৩টি বাল্কহেড নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল অবস্থায় আটক করা হয়। বাল্কহেড থেকে সুকানীসহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সম্পর্কিত খবর